নাসিক প্রশাসক ও আমি জনস্বার্থে এক হয়ে কাজ করবো- এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

0
নাসিক প্রশাসক ও আমি এক হয়ে কাজ করবো: এমপি আবুল কালাম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমপি আবুল কালামকে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি স্পষ্ট করেন যে, নগরীর উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এবং তিনি নিজে জনস্বার্থে এক হয়ে কাজ করবেন।

বিগত সরকারের আমলের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এমপি আবুল কালাম বলেন, “বিগত সময়ে সরকার দলীয় এমপি-মেয়রের লড়াই দেখেছে নারায়ণগঞ্জবাসী। আমরা (এমপি-প্রশাসক) যতদিন এক হয়ে কাজ করব, ততদিন নগরবাসী ও নগরীর উন্নয়নে কাজ হবে”।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট আবুল কালাম সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম”। সাংবাদিকদের সত্য খবর প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ভুল থাকলে যেমন লিখবেন, তেমনি ভালো কাজের প্রশংসাও করবেন যাতে আমরা কাজ করতে উৎসাহ পাই”।

হকার, কিশোর গ্যাং ও মাদককে নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের পাশাপাশি সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার তাগিদ দেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা ও আরিফ আলম দীপু। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক আবদুস সালাম, আহসান সাদিক শাওন, আনিসুর রহমান জুয়েল, বিল্লাল হোসেন রবিন এবং সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।