
এক দফা বাদ পড়ার পর আবারও এমআরটি লাইন-২ প্রকল্পের মাধ্যমে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ শহরকে যুক্ত করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৩১ মে প্রকাশিত অগ্রগতি প্রতিবেদনে চূড়ান্ত প্রতিবেদনে নারায়ণগঞ্জ অংশ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে প্রস্তাবিত মেট্রোরেল রুটে সাইনবোর্ড হয়ে ভূঁইগড়, জালকুড়ি, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ সদর—এই চারটি স্টেশন আবারও যুক্ত করা হচ্ছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ পথে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি যানজটও কমবে বলে আশা করা হচ্ছে।
ডিএমটিসিএল জানায়, ফিজিবিলিটি স্টাডিতে দুটি বিকল্প রুট—গাবতলী-ডেমরা এবং গাবতলী-ডেমরা-সাইনবোর্ড-ভূঁইগড়-জালকুড়ি-শিবু মার্কেট-নারায়ণগঞ্জ—বিবেচনায় নেওয়া হয়েছে। ভৌত অবকাঠামো বিভাগের মতামত ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সুপারিশ অনুযায়ী নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে রুটটি পুনরায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ব্যয় কমানোর লক্ষ্যে এমআরটি লাইন-২ থেকে নারায়ণগঞ্জ অংশ বাদ দেওয়া হয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর শিল্পাঞ্চল নারায়ণগঞ্জকে গুরুত্ব দিয়ে পরিকল্পনাটি পুনর্বিবেচনা করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত করা গেলে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমবে, যাতায়াত আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন নির্ভর করবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন ও অর্থায়নের অগ্রগতির ওপর।







