
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনার পর পুলিশি নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশে রওনা হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে পুলিশি প্রহরায় তারা কানাইঘাটের উদ্দেশে যাত্রা করেন।
এর আগে গোলাপগঞ্জে দুই দফায় হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তীব্র প্রতিক্রিয়া জানান এনসিপির নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত যেসব ঘটনা ঘটছে, তাতে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা শেষ দেখে ছাড়ব। জনগণের অধিকারের পক্ষে এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটের সামনের রাস্তায় এ হামলা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়।
পরে সিলেটে ফেরার পথে পাঁচ মাইল নামক স্থানে এনসিপির গাড়িবহর আবারও হামলার শিকার হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় এনসিপির নেতারা হামলার নিন্দা জানান এবং রাজনৈতিক কর্মসূচি পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে তাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।







