
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১৫ই জুন থেকে পর্দা উঠতে চলেছে নারায়ণগঞ্জের মেধাবী ও যুক্তিবাদী শিক্ষার্থীদের অনন্য মিলনমেলা “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬” । “Climate Resilient Campus Initiative”-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘লজিক অফ বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এই মেগা উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
আয়োজকরা জানিয়েছেন, এবারের বিতর্ক উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪ টিরও অধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সদর উপজেলার প্রায় ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের প্রত্যক্ষ সমন্বয়ে আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজের অংশীদারিত্ব এবং যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ।
শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ই জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ বিতর্ক কর্মশালার মাধ্যমে এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে । পুরো উৎসবটি চলবে মোট ৮ দিন ধরে । প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে । এরপর নকআউট পর্বের তুমুল লড়াই শেষে সেরা দুটি দল নিয়ে আগামী ২২শে জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বর্ণাঢ্য এই উৎসবের ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬” এর গুণগত মান ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও লজিক অফ বাংলাদেশ যৌথভাবে বদ্ধপরিকর ।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরী নয়, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও সবসময় অগ্রগামী। এই বিতর্ক উৎসব নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে স্থানীয় ঐতিহ্যের একটি সেতুবন্ধন তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের টেলিভিশন ও বেতার বিতর্কের পথ যেমন সুগম হবে, তেমনই মেধার সুবাতাস ছড়িয়ে পড়বে সমগ্র দেশে।







