যুবলীগের ঝটিকা মিছিলে এনসিপির ধাওয়া, ব্যানার ফেলে পালালো মিছিলকারীরা

31
এনসিপির ধাওয়ায় পালালো আজমেরী ওসমানের অনুসারীরা!
এনসিপির ধাওয়ায় পালালো আজমেরী ওসমানের অনুসারীরা!

নারায়ণগঞ্জে যুবলীগের একটি ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা। এনসিপির ধাওয়ার মুখে কোনো প্রতিরোধ ছাড়াই ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি এবং মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আজ সোমবার (১ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও এনসিপির দাবি অনুযায়ী, আজ সকালে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। ওই সময় ঘটনাক্রমে পেছনে একটি ইজিবাইকে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির চারজন সদস্য বসে ছিলেন। তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলটি দেখতে পেয়েই ইজিবাইক থেকে নেমে পেছন থেকে ধাওয়া করেন। এনসিপি কর্মীদের ধাওয়ার মুখে মুহূর্তের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং যুবলীগ কর্মীরা ব্যানার ফেলে পালিয়ে যায়।

এই বিষয়ে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের ৪ জন নেতাকর্মীর ধাওয়ার মুখে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দিকবিদিক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যানার দেখে আমরা নিশ্চিত হই যে, তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগের কর্মী।”

এদিকে প্রকাশ্য দিবালোকে সদর উপজেলার ভেতরে যুবলীগের এই ঝটিকা মিছিল ও ধাওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “আমি যতটুকু জানি ঘটনাটি আমার থানা এলাকায় নয়।”

একইবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মাহবুব আলমও বলেন, এটা আমার থানা এলাকায় নয়।