তাপসের সাথে বৈঠক নিয়ে নজরুল ইসলাম আজাদের ব্যাখ্যা: ‘সাক্ষাৎটি পূর্বপরিকল্পিত ছিল না’

83
গুলশানের আপারক্রাস্ট ক্যাফের বাইরে কৌশিক হোসেন তাপসের সাথে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ।
গুলশানে তাপসের সাথে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের সাক্ষাতের ছবি

রাজধানীর গুলশানে ‘গান বাংলা’র এমডি কৌশিক হোসেন তাপসের সাথে বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। তিনি দাবি করেছেন, এই সাক্ষাৎটি কোনো পরিকল্পিত বৈঠক ছিল না, বরং এটি একটি আকস্মিক সৌজন্য বিনিময় মাত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসি সাংবাদিক জুলকারনাইন সায়েরের মাধ্যমে নজরুল ইসলাম আজাদ তার এই ব্যাখ্যা তুলে ধরেন। আজাদ জানান, শনিবার সকালে তিনি তার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনতে গুলশান-২ এর ‘আপারক্রাস্ট ক্যাফে’তে গিয়েছিলেন। সেখানে আগে থেকে উপস্থিত তাপস তাকে দেখে এগিয়ে এসে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

নজরুল ইসলাম আজাদ আরও দাবি করেন, কেবলমাত্র সৌজন্যতার খাতিরে তিনি কিছুক্ষণ কথা বলেছেন। তাপস তাকে গাড়ি পর্যন্ত অনুসরণ করেন এবং সেখানেও কয়েক মিনিট সাধারণ আলাপ শেষে তিনি স্থান ত্যাগ করেন। তাদের মধ্যে কোনো রাজনৈতিক বা বিশেষ বিষয়ে আলোচনা হয়নি বলে তিনি দৃঢ়ভাবে দাবি করেন।

এর আগে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও হত্যাচেষ্টা মামলার আসামি তাপসের সাথে আজাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের প্রেক্ষিতেই নিজের এই অবস্থান পরিষ্কার করলেন এই বিএনপি নেতা।

উল্লেখ্য, এর আগে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তি, ‘গান বাংলা’ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সাথে একান্তে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এমন দাবি করে ফেসবুকে ভিডিওসহ একটি পোস্ট দেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। ঐ পোস্টে তিনি দাবি করেন, শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশান-২ এর ‘আপারক্রাস্ট ক্যাফে’তে অনুষ্ঠিত এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সায়ের ঐ পোস্টে জানান, নজরুল ইসলাম আজাদ ও কৌশিক হোসেন তাপস ক্যাফেটির ভেতরে প্রায় ৩০ মিনিট একান্তে কথা বলেন। বৈঠক শেষে ক্যাফের সামনে সংসদ সদস্যের গাড়ির পাশে দাঁড়িয়েও তাদের বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়।