প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আল আমিনকে স্মারকলিপি

19
প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আল আমিনকে স্মারকলিপি

নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের বিবি রোডের নিউ সমবায় ভবনে অবস্থিত এনসিপি জেলা কার্যালয়ে সংগঠনের নেতারা এমপির হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গ্রাহকদের মতামত বা গণশুনানি ছাড়াই বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করছে। এতে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তারা।

নেতাদের অভিযোগ, প্রিপেইড মিটারে রিচার্জ করার সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়, যা গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। এছাড়া অনলাইন রিচার্জ ব্যবস্থায় সার্ভার জটিলতার কারণে অনেক সময় টাকা পরিশোধ করেও নির্ধারিত সময়ে ব্যালেন্স যোগ হয় না।

তারা আরও বলেন, ব্যালেন্স শেষ হয়ে গেলে পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিশেষ করে রোগী, নবজাতক, শিক্ষার্থী এবং সাধারণ পরিবারগুলো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদ্যুৎ যেহেতু একটি মৌলিক সেবা, তাই জনমতের প্রতি গুরুত্ব দিয়ে প্রিপেইড মিটার ব্যবস্থা পুনর্বিবেচনার দাবি জানান তারা।
স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। গ্রাহকদের উত্থাপিত দাবিগুলো জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, রুহুল আমিন, আবুল কালাম, মেহেদী হাসান ডিউক, শফিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।