
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পরে বিকেলে ভুক্তভোগী দিনমজুর রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন— সিআইখোলা এলাকার বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), মো. আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), মো. জাহাঙ্গীর (২৩) এবং মো. আরমান (২২)। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি কাজের সুবাদে সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউ বাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে একটি দোকানঘরে রাতভর আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলকে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগাড় করতে চাপ দেয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি তার চাচা মো. হাদিস মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুপুরে অভিযান চালিয়ে রফিকুলকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







