সোনারগাঁয়ে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে ‘ওয়ানল্যান্ড এগ্রো ফার্মের’ যাত্রা

0

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুরে তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ওয়ানল্যান্ড এগ্রো ফার্ম’। আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যকর গবাদিপশু পালন, মানসম্মত দুধ উৎপাদন ও গরু মোটাতাজাকরণের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে কৃষিভিত্তিক এই প্রতিষ্ঠান।
চলতি বছরের জুন মাসে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর পিরোজপুর ইউনিয়নের পাশে অবস্থিত ওয়ানল্যান্ড এগ্রো ফার্মে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্যরা বলেন, স্বাস্থ্যকর ও মানসম্মত গবাদিপশু পালন এবং নিরাপদ দুধ উৎপাদনের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করাই তাঁদের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে খামার পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে এ উদ্যোগকে একটি নির্ভরযোগ্য ও টেকসই এগ্রো ফার্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাঁরা।
উদ্যোক্তারা আরও বলেন, দেশের তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার সুযোগ রয়েছে। পরিকল্পিত ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব। সেই লক্ষ্যেই সম্মিলিতভাবে ওয়ানল্যান্ড এগ্রো ফার্ম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়ানল্যান্ড এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন—এডভোকেট ইমরান হোসেন রবিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ রনি মিয়া, মোহাম্মদ আলম, আশরাফুল ইসলাম রাজীব, মোহাম্মদ মিন্টু মিয়া, জাহিদ আলম ও মোহাম্মদ আবু সাঈদ।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে উদ্যোক্তারা খামারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।