
নারায়ণগঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অঞ্চল উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকাকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল এলাকায় রূপান্তর করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। জিয়া হল থেকে রামবাবুর পুকুরপাড় পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ ও নতুন করে কার্পেটিং, পুকুরের পাড় বাঁধানো, এলাকার সামগ্রিক সৌন্দর্যবর্ধন, বৃক্ষ রোপণ এবং ল্যাম্পপোস্ট মেরামতসহ আধুনিক বাতি স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আজ শনিবার (২৩ মে) বিকেলে উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির যৌথ আহ্বানে সাড়া দিয়ে এলাকাটি পরিদর্শনে এসে তিনি এসব উন্নয়নমূলক ঘোষণা দেন। এর আগে তিনি উত্তর চাষাঢ়া বড় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির মুখোমুখি হয়ে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও নাগরিক দুর্ভোগের কথা শোনেন।
সমাবেশে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়ন নীতি তুলে ধরে বলেন, “বর্তমান সরকার রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চায় এবং মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে চায়। আর এই জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ঐতিহ্যবাহী এই নারায়ণগঞ্জকে আমরা একটি আধুনিক ও পরিবেশবান্ধব ‘মডেল নারায়ণগঞ্জে’ রূপান্তর করব।”
এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাসিক প্রশাসক বলেন, “মাদক এই সমাজের সবচেয়ে বড় ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি দূর করতে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলেই হবে না, এলাকার ভালো ও সৎ মানুষদের সবার আগে এগিয়ে আসতে হবে, সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে প্রয়োজনে এলাকার সাধারণ মানুষকে লাঠি হাতে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
শনিবার বিকেলে নাসিক প্রশাসক এলাকায় পৌঁছালে পঞ্চায়েত ও এলাকাবাসীর পক্ষে সনেট সিনহা, নুরুল হুদা এবং আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
দাবি-দাওয়া পেশ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক খান, সহ-সভাপতি মিজান, সাধারণ সম্পাদক কামরান হোসেন আবুল, নুরুল হুদা, সনেট সিনহা, সেন্টু খান, নিট ওড়না অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আবুল বাশার, রাকিব হোসেন, নজরুল, ভুট্টু, কবির, আরিফ, তুহিন, মামুন, রাজা, একরাম এবং উত্তর চাষাঢ়া জামে মসজিদ ও ছোট মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দ। বক্তব্য শেষে নাসিক প্রশাসক কর্মকর্তাদের সাথে নিয়ে রামবাবুর পুকুরপাড় এলাকার বিভিন্ন অলিগলি ও নাগরিক সমস্যাগুলো সরেজমিনে প্রদক্ষিণ করেন এবং দ্রুততম সময়ে কাজ শুরু করার নির্দেশ দেন।







