এমপি আল আমিনের বক্তব্য অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি শ্রমিক নেতা শহীদের

68

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতা সাব্বির আহমেদ শহীদ।

গতকাল রবিবার (১২ জুলাই) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্যের দেওয়া বক্তব্য নিয়ে ‘নারায়ণগঞ্জ সমাচার’-এ সংবাদ প্রকাশের পর, আমাদের অফিসে ফোন করে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

ফোনে শহীদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মূলত বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল ও হেয় প্রতিপন্ন করতেই এনসিপি (NCP) থেকে মনোনীত হয়ে নির্বাচিত এই এমপি সাহেব আইনশৃঙ্খলা কমিটির সভায় আমার বিরুদ্ধে এমন উদ্ভট এবং অসত্য কথা বলেছেন, যা আপনারা নিউজ করেছেন। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি সংসদ সদস্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “তাকে প্রমাণ দিতে হবে আমি কোথায় ডাকাতি করেছি। অন্যথায় এমপি সাহেবের বিরুদ্ধে আমি আদালতে মানহানির মামলা করব।”

একই সাথে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের (নারায়ণগঞ্জ সমাচার) সহ সকল সাংবাদিকদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা মাঠপর্যায়ে নিরপেক্ষ অনুসন্ধান করেন—আমি কোথায় ডাকাতি করেছি সেই বিষয়ে সত্যটা তুলে ধরুন।”

উল্লেখ্য, রবিবারের সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন কাশিপুরের ‘ডাকাত শহীদ গ্যাং’-এর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।