
মাত্র ১০ টাকায় ১ কেজি পার্সেল! ঢাকা থেকে পাবনা, যশোর, সিলেট, খুলনা কিংবা চট্টগ্রাম—দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ সেবা।
ই-কমার্স ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা এই সেবায় প্রথম ১ কেজি পার্সেলের জন্য মাশুল মাত্র ১০ টাকা। এরপর প্রতি কেজি বা তার অংশবিশেষের জন্য দিতে হবে মাত্র ৫ টাকা।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকার মধ্যে ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে এ সেবায়। পাশাপাশি থাকছে ডিজিটাল ট্র্যাকিং সুবিধা, যার মাধ্যমে বুকিংয়ের পর পার্সেলের অবস্থান জানা যাবে।
দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রত্যন্ত এলাকা থেকেও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করা হচ্ছে। ই-কমার্স ব্যবসায়ীদের সহায়তায় প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস ও ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ ছাড়া পার্সেল পাঠানোর আগে খরচ হিসাব করার জন্য চালু করা হয়েছে ডিজিটাল ‘ডাক মাশুল ক্যালকুলেটর’।
বিশেষ করে ফেসবুকভিত্তিক ব্যবসা, ক্ষুদ্র ই-কমার্স ও নারী উদ্যোক্তাদের জন্য কম খরচের এই পার্সেল সেবা ব্যবসার পরিধি বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।
সাশ্রয়ী খরচের পাশাপাশি দ্রুত ডেলিভারি, নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবহন সেবা হয়ে উঠতে পারে।







