রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

8
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো বাজার এলাকার মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ফারুক মিয়া কুমিল্লার বরুড়া থানার বড় মহেশপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রূপগঞ্জের তারাবো ভূইয়া পাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানে তার কাছ থেকে ২২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।