নারায়ণগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক বাণিজ্যের রমরমা দাপট

সেবার আড়ালে পকেট কাটছে সিন্ডিকেট!

6

নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্যিক এই জনপদে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অলিগলি থেকে শুরু করে রাজপথ-সর্বত্রই চোখে পড়ে বাহারি সব নামের চিকিৎসালয়। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই লক্ষ্য সেবা নয়, বরং অসুস্থ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে বাণিজ্য করা। অভিযোগ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে অপারেশন থিয়েটার এবং পরীক্ষা-নিরীক্ষার নামে চলছে গলাকাটা বিল আদায়।

শহরের সরকারি হাসপাতালগুলোতে গেলেই দেখা যায় এক শক্তিশালী দালাল সিন্ডিকেট। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে ভাগিয়ে নেওয়া হয় নামসর্বস্ব সব ক্লিনিকে। প্রতিটি রোগীর বিনিময়ে এসব ক্লিনিক থেকে দালালরা পায় মোটা অঙ্কের কমিশন। ফলে রোগীরা সুচিকিৎসা তো পায়ই না, উল্টো আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নারায়ণগঞ্জের অনেক প্রাইভেট ক্লিনিকে নিয়ম হয়ে দাঁড়িয়েছে-যেকোনো রোগী এলেই তাকে দীর্ঘ এক তালিকার টেস্ট ধরিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায়, সেই টেস্টগুলো করার মতো প্রয়োজনীয় মেশিন বা দক্ষ টেকনিশিয়ান ওই প্রতিষ্ঠানে নেই। ফলে ভুয়া রিপোর্ট দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

মাঝে মাঝে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও, কিছুদিন পরই এই ক্লিনিকগুলো আবার আগের রূপে ফিরে আসে। স্থায়ী কোনো সমাধান না আসায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে-সাধারণ মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ হবে কবে? নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।