
নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল এলাকায় ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল রাখা এবং ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। একই সাথে গত বুধবারের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় প্রকৃত তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাসেল মাহমুদ বলেন, শিল্পনগরী ফতুল্লার বিসিক এলাকা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা বহিরাগতদের আনাগোনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। আমরা এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি ও শৃঙ্খলা দেখতে চাই।
গত বুধবার চাঁদনী হাউজিং এলাকায় সংঘটিত সংঘর্ষের বিষয়ে রাসেল মাহমুদ বলেন, “উক্ত ঘটনায় আমার নাম যেভাবে আলোচনায় এসেছে, তা মূলত তথ্যের কোনো বিভ্রাট বা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের সহিংসতা বা অশান্তি সৃষ্টির সাথে আমার বা আমার কোনো কর্মীর সংশ্লিষ্টতা নেই। আমরা চাই এলাকার সাধারণ ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাক।”
তিনি আরও বলেন, “ঝুট সেক্টরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়া জরুরি। যারা এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় আনা হোক। আমরা প্রশাসনকে সকল ধরনের শান্তি রক্ষা কাজে সহযোগিতা করতে প্রস্তুত।”
রাসেল মাহমুদ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। কোনো ধরনের ব্যক্তিগত বিরোধ যেন এলাকার পরিবেশ নষ্ট না করে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।







