
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন গত বুধবারের ঘটনায় গুলিবিদ্ধ রাকিবুল হাসান রাকিবের পিতা ও বিএনপি নেতা মো. হোসেন খোকা।
এজাহারে উল্লেখ করা হয়, ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকার একটি পোশাক কারখানার ঝুট (ওয়েস্টিজ) নামানো নিয়ে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল সকাল ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
বাদী হোসেন খোকা অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ঘিরে ধরে মারধর করে এবং পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখায়। খবর পেয়ে তার ছেলে রাকিবুল হাসান রাকিব (২৩) ঘটনাস্থলে এলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিটি রাকিবের বুকের ডান পাশে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ওই ঘটনায় ইমরান নামে এক কিশোরও গুলিবিদ্ধ হয়েছিল।
মামলায় নাম উল্লেখ করা ১২ আসামি হলেন— সারজিল আহম্মেদ অভি, আব্দুল হামিদ প্রধান, আব্দুস সালাম, আকাশ, সুমন মোল্লা রকেট, খায়রুল কবির জসিম, ইয়াসিন, মশিউর রহমান রনি, আলী রতন, মুরাদ হাসান, আদনান আজিজ প্রাপ্ত ও পল্লব।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনার পর উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লা শিল্পাঞ্চলে বারবার এমন সহিংসতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।







