বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে নিখোঁজ নবীনগরের অজয়, দুশ্চিন্তায় পরিবার

9
বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে নিখোঁজ নবীনগরের অজয়
বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে নিখোঁজ নবীনগরের অজয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা এলাকায় বাবার সঙ্গে সামান্য ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে অজয় চন্দ্র ঋষি (২০) নামের এক যুবক। গত বছরের ২ অক্টোবর পৌরসভার ভোলাচং এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজের ৭ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন সকালে বাবা আসিক ঋষির সাথে অজয়ের সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর সকালের দিকে বাবার ওপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। প্রাথমিকভাবে স্বজনরা ভেবেছিলেন অভিমান কমলে তিনি ফিরে আসবেন, কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও অজয় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিচলিত হয়ে পড়েন।

নিখোঁজ অজয়ের বাবা আসিক ঋষি জানান, সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো হদিস পাননি তারা। ছেলের শোকে তার মা রুপসী রানী ঋষি বর্তমানে শয্যাশায়ী। সন্তানের ফিরে আসার পথ চেয়ে দিন গুনছেন তারা। এ ঘটনায় তিনি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০০) করেছেন।

নিখোঁজ ব্যক্তির উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি।
শারীরিক গঠন: ফর্সা গায়ের রং, কালো চুল ও কালো চোখ।
স্থায়ী ঠিকানা: গ্রাম- ভোলাচং, নবীনগর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া।

কোনো হৃদয়বান ব্যক্তি অজয় চন্দ্র ঋষির সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে:
📞 মোবাইল: ০১৭৪২৪৪৮২৪৯