
দীর্ঘ এক মাসের অচলাবস্থা, চরম ভোগান্তি আর আতঙ্কের অবসান! নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সংরক্ষিত নারী ইউপি সদস্য পিংকি আক্তারকে দায়িত্ব দেওয়ায় এলাকায় বইছে আনন্দের বন্যা। বিতর্কিত রশিদ মেম্বারের বিদায় এবং একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বক্তাবলীর সর্বস্তরের সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, পিংকি আক্তারের দায়িত্ব পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও সেবাপ্রার্থীদের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সসহ জরুরি নাগরিক সেবা বন্ধ থাকায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা মুহূর্তেই আনন্দে পরিণত হয়।
বক্তাবলী বাজারের এক ব্যবসায়ী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গত এক মাস ধরে আমরা যেন অভিভাবকহীন ছিলাম। একটা সনদের জন্য প্রতিদিন পরিষদে গিয়ে ঘুরে আসতে হয়েছে। এখন পিংকি আক্তার দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। তিনি অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ। আশা করি এখন থেকে আর কাউকে সেবা পেতে হয়রানির শিকার হতে হবে না।”
বিতর্কিত ও ১১ মামলার আসামি আব্দুর রশিদকে বাদ দিয়ে পিংকি আক্তারকে দায়িত্ব দেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সচেতন মহল মনে করেন, প্রশাসন জনগণের মনের ভাষা বুঝতে পেরেছে। কোনো স্বৈরাচারের দোসর বা দাগী আসামির হাতে ক্ষমতা না দিয়ে প্রশাসন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যা বক্তাবলীর শান্তিকামী মানুষের বিজয়।
দায়িত্ব পাওয়ার পরপরই পিংকি আক্তার ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “বক্তাবলীর মানুষ যে ভালোবাসা ও আস্থা আমার ওপর দেখিয়েছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমার প্রথম কাজই হলো দীর্ঘদিন ধরে আটকে থাকা নাগরিক সেবাগুলো দ্রুত সচল করা।”
তিনি আরও বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে আমি প্রশাসন, ইউপি সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরে বক্তাবলী ইউনিয়ন আগের সব বিতর্ক পেছনে ফেলে পুনরায় উন্নয়ন ও সেবার ধারায় ফিরে আসবে।







