শিক্ষকদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

2
নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেছেন, “জেলা পরিষদ সবসময় শিক্ষকদের পাশে থাকবে এবং তাদের উন্নয়নে কাজ করে যাবে। শিক্ষকরা জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাদের হাত ধরেই আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

শনিবার (২ মে) সন্ধ্যায় শহরের খানপুর বরফকল এলাকার চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সামসুজ্জামান, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, সরকার সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের বই সরবরাহসহ বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষকদের সম্পৃক্ত করছে। ফলে শিক্ষকরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে সব শিক্ষকের দায়িত্ব ও বেতন পুরোপুরি বহন করা সবসময় সম্ভব না হলেও সরকার তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করছে।

বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, করোনাকালে বন্ধ হয়ে যাওয়া কার্যক্রমগুলো পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে জেলা পর্যায়ে একটি পরিচালনা বোর্ড গঠন করে নিজস্ব বৃত্তি পরীক্ষা চালুর আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা চালু করা হলে জেলা পরিষদের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন পরিচালক ও প্রধান শিক্ষকবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার পাঁচটি উপজেলার ৫২০ জন পরিচালক ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনা সভা ছাড়াও শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, শিক্ষকদের গান ও কবিতা আবৃত্তি এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।