নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

14
নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় বাস্তবায়নাধীন ও বাস্তবায়িতব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) বেলা ১২টার দিকে সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলোর কারিগরি ও পরিকল্পনাগত দিক নিয়ে আলোচনা করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) জনাব কবির আহামদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নূর কুতুবুল আলম।

সভায় সিটি কর্পোরেশনের আওতাধীন চলমান বিভিন্ন মেগা প্রকল্প ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কাজের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সাথে আগামীতে যেসব নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে, সেগুলোর দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জ নগরবাসীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করা জরুরি।” তিনি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব জনাব কবির আহামদ ভৌত অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জের জন্য আরও টেকসই প্রকল্প গ্রহণে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।