প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর যাত্রাপথে শ্রমিক নেতা শহীদের নেতৃত্বে ঢল

12

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এক বিশাল অভ্যর্থনা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদের নেতৃত্বে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আজ শনিবার (১৬ মে ২০২৬) সকাল থেকেই সাব্বির আহমেদ শহীদের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে শ্রমিক ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের নির্দিষ্ট পয়েন্টে জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর নারায়ণগঞ্জ সীমানা অতিক্রম করার সময় উপস্থিত শ্রমিক ও সাধারণ জনতা করতালি এবং মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

অভ্যর্থনা কর্মসূচি শেষে শ্রমিক নেতা সাব্বির আহমেদ শহীদ বলেন, “আমাদের প্রিয় নেতা, জননেতা তারেক রহমান আজ এই পথ দিয়ে চাঁদপুর যাচ্ছেন শুনে আমাদের শ্রমিক ভাইদের মাঝে আনন্দের জোয়ার বয়ে গেছে। দেশের মেহনতি মানুষ ও পরিবহন শ্রমিকরা বিশ্বাস করে—তারেক রহমানের নেতৃত্বেই দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় দেশনায়ক তারেক রহমানের যে দূরদর্শী পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

শ্রমিকদের এই সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা কর্মসূচিতে ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ কয়েক হাজার সাধারণ পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।