
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। নারায়ণগঞ্জের প্রবেশদ্বার খ্যাত এই পয়েন্টে সাবেক সংসদ সদস্যের পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবুল কাউসার আশার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়ে প্রিয় নেতাকে এক ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
আজ শনিবার (১৬ মে ২০২৬) সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং বড় বড় তোরণ সাজিয়ে অবস্থান নেন আবুল কাউসার আশা ও তাঁর অনুসারী বিশাল কর্মী বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর ঢাকা থেকে সাইনবোর্ড এলাকায় এসে পৌঁছানো মাত্রই পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। আবুল কাউসার আশার সরাসরি পরিচালনায় মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে দেশনায়ককে স্বাগত জানানো হয়।
অভ্যর্থনা কর্মসূচি শেষে আবুল কাউসার আশা বলেন, “আমাদের প্রিয় নেতা, তারেক রহমান আজ এই পথ দিয়ে চাঁদপুর যাচ্ছেন শুনে নারায়ণগঞ্জের মানুষের মাঝে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে এত কাছ থেকে দেখতে পেয়ে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা আবেগাপ্লুত।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের হাত ধরেই দেশে আইনের শাসন এবং জনগণের প্রকৃত অধিকার ফিরে এসেছে। নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ তাঁর প্রতিটি কর্মসূচি ও নির্দেশনা বাস্তবায়নে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।”
সাইনবোর্ডের এই বিশাল ও সুশৃঙ্খল জমায়েতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।







