নারায়ণগঞ্জের মানুষ বিএনপি ও তারেক রহমানকে গভীরভাবে ভালোবাসে: সাখাওয়াত

13
নারায়ণগঞ্জের মানুষ বিএনপি ও তারেক রহমানকে ভালোবাসে
নারায়ণগঞ্জের মানুষ বিএনপি ও তারেক রহমানকে ভালোবাসে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীরভাবে ভালোবাসে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশের ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ ব্যক্তিগতভাবে বিএনপি ও তারেক রহমানকে পছন্দ করে এবং তাঁর সাফল্য কামনা করে।

আজ শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের মদনপুর এলাকায় বিএনপি’র এক বিশেষ রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর যাত্রাপথে নারায়ণগঞ্জের প্রবেশদ্বারে অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীদের নিয়ে অপেক্ষার সময় তিনি এই মন্তব্য করেন।

এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ মহানগরের ওপর দিয়ে আমাদের দলের শীর্ষ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী যাত্রা করবেন। প্রিয় নেতাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাতে সকাল থেকেই মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নেমেছে এবং আমরা সবাই এখানে সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়েছি।”

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগরের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দলের প্রতিটি কর্মসূচি সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করা হবে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো হবে।

নেতাকর্মীদের এই অভ্যর্থনা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সদর থানা বিএনপির  সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।