
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মোঃ কামাল হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামালের বিরুদ্ধে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় পূর্বের আরও ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শনিবার রাতে ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের দক্ষিণ শিয়াচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মন্টু মল্লিকের বাড়ির সামনে কামাল হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর ডানহাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে নীল পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মোঃ কামাল হোসেন দক্ষিণ শিয়াচর এলাকার মৃত বিরাজের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করে আজ রবিবার (১৭ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ফতুল্লা থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।







