
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কথাকাটাকাটির জেরে ভাবী, দুই শিশু ভাতিজি ও প্রতিবেশীসহ একই পরিবারের মোট ৫ জনকে বটি দিয়ে কুপিয়ে ও কামড়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৮ মে) দুপুরে ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় আমেনা গার্মেন্টসের পাশের গলির তোফাজ্জলের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় স্থানীয়র জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ফতুল্লা থানা পুলিশ এসে ঘাতক দেবর আব্দুল মালেককে (২৪) গ্রেফতার করেছে। আহতদের মধ্যে প্রতিবেশী নারীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে আব্দুল মালেক বাসায় খেতে আসে। এ সময় তার ভাবী তাকে বারবার গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বলেন। কিন্তু মালেক এতে চরম বিরক্ত হয় এবং ভাবী আবারও তাকে গোসল করার জন্য জোরাজুরি করলে মালেক হঠাৎ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রান্নাঘর থেকে ধারালো বটি এনে তাঁর ভাবীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মায়ের এমন অবস্থা দেখে তাঁর দুই শিশু কন্যা (মালেকের দুই ভাতিজি) চিৎকার ও কান্নাকাটি শুরু করলে পাষণ্ড মালেক তাদেরও বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঘর থেকে তীব্র হৈচৈ এবং বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রতিবেশীরা উদ্ধারের জন্য ছুটে আসেন। এ সময় মালেক আরও উগ্র হয়ে ওঠে এবং এক প্রতিবেশী নারীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওই নারীকে বাঁচাতে তাঁর ছেলে এগিয়ে আসলে মালেক তাকেও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। এভাবে মালেকের তান্ডবে শিশুসহ মোট ৫ জন রক্তাক্ত জখম হন।
পরে প্রতিবেশীরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে মালেককে উদ্ধার করে। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মালেককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, “প্রাথমিকভাবে জানা গেছে আটককৃত আব্দুল মালেক চরম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত (মাথায় সমস্যা আছে)। পারিবারিক সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে সে ভাবী, দুই ভাতিজিসহ প্রতিবেশী আরও দু’জনসহ মোট ৫ জনকে কুপিয়ে ও কামড়ে জখম করেছে। তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







