
রফিকুল ইসলাম জীবন :
দীর্ঘদিনের যানজট, ভোগান্তি ও অবহেলার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আলআমিন। গত ১৪ জুন জাতীয় সংসদে তিনি এ দাবি উত্থাপন করলে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে সড়কটিকে চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংসদ সদস্য আবদুল্লা আল আমিনের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও সংসদকে অবহিত করেন তিনি।
এ ঘটনায় ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি থাকলেও অতীতে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে এভাবে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেননি বলে মনে করছেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলো চাষাঢ়া-পঞ্চবটি সড়ক। মাত্র প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক নারায়ণগঞ্জ শহরের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ফতুল্লার প্রধান সংযোগ পথ। গোগনগর, কাশীপুর, বক্তাবলী, এনায়েতনগর, বিসিক শিল্পনগরী, ফতুল্লা, কুতুবপুর, দাপা, লালপুর, পাগলা ও আশপাশের বিস্তীর্ণ শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য মূলত এই সড়কের ওপরই নির্ভর করতে হয়। প্রতিদিন লাখ লাখ শ্রমিক, কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। এছাড়া নারায়ণগঞ্জ শহরের সঙ্গে ফতুল্লার ভারী যানবাহন চলাচলের অন্যতম প্রধান সংযোগও এই সড়ক।
কিন্তু এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সড়কটি এখনও কার্যত দুই লেনের সীমাবদ্ধতায় আটকে আছে। ফলে বছরের প্রায় প্রতিটি দিনই এখানে তীব্র যানজট লেগে থাকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি এখন সড়কটির নিত্যদিনের চিত্র। স্থানীয়রা বলছেন, শিল্পনগরী ফতুল্লার গুরুত্ব বিবেচনায় এই সড়কটি বহু আগেই চার বা ছয় লেনে উন্নীত হওয়ার কথা ছিল। কিন্তু বিগত কয়েক দশকে ক্ষমতায় থাকা সরকারগুলো বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। বিশেষ করে বিগত সরকারের সময়ে দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন শামীম ওসমান। তার সময়ে জেলার অন্য সংসদ সদস্যদের এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলেও চাষাঢ়া-পঞ্চবটি সড়কের স্থায়ী উন্নয়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
ফতুল্লার পঞ্চবটি এলাকার ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “প্রতিদিন এই সড়কে কয়েক ঘণ্টা নষ্ট হয়। মাত্র তিন কিলোমিটার রাস্তা পার হতে কখনো কখনো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগে। এত গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন অনেক আগেই হওয়া উচিত ছিল।”
ইসদাইর এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী রাবেয়া আক্তার বলেন, “কর্মস্থলে পৌঁছাতে প্রতিদিন ভয়াবহ যানজটের মুখে পড়তে হয়। অনেক সময় অফিসে দেরি হয়ে যায়। সড়কটি ছয় লেন হলে শ্রমিকদের দুর্ভোগ অনেক কমবে।”
স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের মতে, দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে। অথচ সেই শিল্পাঞ্চলের প্রধান প্রবেশপথ এখনও সংকীর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সরকার যদি দ্রুত চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে, তাহলে শুধু ফতুল্লা নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।







