
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আগামী ১৯ জুন শুক্রবার সকাল ৯টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
আয়োজকদের প্রকাশিত পোস্টার সূত্রে জানা গেছে, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির, ঢাকা মহানগরী দক্ষিণ নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং নারায়ণগঞ্জ জেলা আমির মো. মফিজুল হক সরকার।
এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের আরও নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মো. আবদুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রচারণা এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির বার্তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতি সম্মেলনটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
সম্মেলন সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।







