চাঁদাবাজির অভিযোগে তোলপাড়: টিপুকে ধুয়ে দিলেন এনসিপি নেতা বিপ্লব

112
আবু আল ইউসুফ খান টিপু বিএনপি মৌমিতা পরিবহন চাঁদাবাজি জুলফিকার হায়দার বিপ্লব
মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগে তোলপাড়; বিএনপি নেতা টিপুর সমালোচনা করে গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির নেতা বিপ্লবের বিবৃতি।

নারায়ণগঞ্জের মৌমিতা পরিবহনে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুরের বিরুদ্ধে প্রতিমাসে ৯০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠার পর জেলা জুড়ে তীব্র রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির পুরোনো ধারার রাজনীতির তীব্র সমালোচনা করে গণমাধ্যমে এক বিস্ফোরক বিবৃতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব জুলফিকার হায়দার বিপ্লব।

বিবৃতিতে তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক ভাবনার কথা তুলে ধরে বিএনপির বর্তমান নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে যুবনেতা জুলফিকার হায়দার বিপ্লব বলেন, “আমরা যারা নতুন স্বপ্ন নিয়ে এ দেশের রাজনীতিতে প্রবেশ করেছি, তারা কখনই পুরনো রাজনৈতিক ধারা দেখার জন্য রাজনীতিতে আসিনি। যদি আন্দোলনই হয় আপনাদের সমাধান তাহলে বলে রাখি, আমাদের আন্দোলন পরিবর্তনের আন্দোলন।”

বিএনপি নেতাদের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, “বিএনপিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও আন্দোলন করেছেন; কিন্তু তারা পরিবর্তনের জন্য করেননি। তারা কেন করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের নারায়ণগঞ্জের টিপু সাহেবদের মতো এরকম হাজারো উদাহরণ আছে।”

এ সময় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি পবিত্র কুরআনের সূরা আর-রুম-এর ৪১ নম্বর আয়াত মনে করিয়ে দেন। যেখানে বলা হয়েছে— ‘মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা (অসৎ পথ হতে) ফিরে আসে।’

৫ই আগস্টের পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের সাধারণ মানুষ যখন চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল, তখন খোদ বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে বাসে বাধা সৃষ্টি ও মোটা অঙ্কের চাঁদা আদায়ের এই খবর নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গণমাধ্যমে নাগরিক পার্টির এই শীর্ষ নেতার এমন কড়া বিবৃতির পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন সমীকরণ ও তুমুল আলোচনা শুরু হয়েছে।