
নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০টি স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে সকাল থেকেই জীবনবৃত্তান্ত (সিভি) হাতে বেকার তরুণ-তরুণী ও চাকরিপ্রার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হিরা কমিউনিটি সেন্টার।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর বাস্তবায়নে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পের আওতায় গত ২৪ জুন (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়। কর্মসংস্থানের সুযোগ ও চাকরির সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন। মেলায় রেইজ প্রকল্পের দক্ষ প্রশিক্ষিত তরুণ শিক্ষানবিশদের পাশাপাশি প্রকল্পের বাইরের অসংখ্য বেকার যুবক-যুবতী অংশ নেন।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ শাহীনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেইজ প্রকল্পের মুখ্য ব্যক্তি মো: আলাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে রেইজ প্রকল্পের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন ডিএসকে-রেইজ প্রকল্পের সমন্বয়কারী রাখী ম্রং।
আয়োজকেরা জানান, মেলায় অংশগ্রহণকারী ২০টি নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, যা স্থানীয় তরুণদের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শত শত চাকরিপ্রার্থীর উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।







