বিএনপি নেতা ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে ওয়ার্ড সচিবকে হত্যাচেষ্টার অভিযোগ

26
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন
নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিবকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে কাঠগড়ায় সাবেক কাউন্সিলর ইকবাল।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিকের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সচিব মো: মেহেদী হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী সচিব মেহেদী হাসান উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ভাই তুহিনকে ওয়ার্ড সচিবের পদ থেকে অপসারণ করে মেহদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়। নিজের ভাইকে পদ থেকে সরানোর পর থেকেই সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন ও তাঁর অনুসারীরা মেহেদী হাসানকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন (২৩ জুন) ইকবাল হোসেনের নির্দেশে মুক্তার, সোলাইমান পলাশ, সাইফুল, নাজমুল, জসিম, টুটুল, জহিরুল, সেলিম, ইয়াসিন, জিসান এবং জাহিদ ওরফে মাইচ্ছা জাহিদসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেয়।

পরবর্তীতে তারা সচিব মেহেদী হাসানের বাসায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। মেহেদী হাসান এর প্রতিবাদ করলে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মূল অভিযুক্ত বিএনপি নেতা ইকবাল হোসেন স্বয়ং মেহেদী হাসানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে যায় যে, মেহেদী হাসান যদি দ্রুত সচিবের পদ থেকে পদত্যাগ না করেন, তবে তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, “ওয়ার্ড সচিবের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।