নারায়ণগঞ্জকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো : এনডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

14
না:গঞ্জকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করবো
না:গঞ্জকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করবো

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়নকে জনগণমুখী, পরিকল্পিত ও কার্যকর করতে তিনি সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেবেন। সাংবাদিকদের তিনি উন্নয়নের অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মাসুকুল ইসলাম রাজীব বলেন, “আমি আপনাদের সন্তান। আল্লাহর রহমতে যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি, সেই সুযোগ ষোল আনা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি শতভাগ সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণ, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আমি সবার সঙ্গে কথা বলবো, সবার মতামত শুনবো এবং জনগণকে সম্পৃক্ত করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, আমার লক্ষ্য হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, আধুনিক, পরিকল্পিত ও বসবাসের উপযোগী সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা।

মতবিনিময় সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, নারায়ণগঞ্জের কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, কোন প্রকল্প জনগণের জন্য বেশি কার্যকর হবে এবং কোন সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় রয়েছে—এসব বিষয়ে সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামত তিনি জানতে চান। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও প্রেসক্লাব ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং আধুনিক নগরায়ণের জন্য উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে এনডিএ চেয়ারম্যানের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সাংবাদিক সমাজ গঠনমূলক সহযোগিতা করবে।

তারা আরও বলেন, গণমাধ্যম সবসময় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে সাংবাদিকরা যেমন পাশে থাকবেন, তেমনি প্রয়োজন হলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল ও জলাশয় সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। চেয়ারম্যান এসব বিষয়ে গুরুত্বসহকারে কাজ করার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।