নারায়ণগঞ্জে জুলাই শহীদ দিবস উদ্‌যাপিত: হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা

12
জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথিরা জুলাই বিপ্লবের তাৎপর্য ও শহীদদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শহীদদের প্রতি তাদের সম্মান প্রদর্শন করেন।