
ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ, আহত যোদ্ধাদের প্রতি সংহতি এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকার গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।
বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, শহীদদের সম্মান রক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার সময় ছবি তোলা থেকেও বিরত থাকতে হবে।
বক্তব্যের একপর্যায়ে বিএনপির সমালোচনা করে মোবারক হোসাইন বলেন, “আত্মস্বীকৃতিপ্রাপ্ত মুনাফেক একমাত্র বিএনপি।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পরে ভুলে যাওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের চেতনা থেকে সরকার সরে এসেছে। তিনি বলেন, “আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই। অন্যায় কোনো আবদার আর মেনে নেওয়া হবে না।”
মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আব্দুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহত যোদ্ধারা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের পাশে জামায়াতে ইসলামী দায়িত্ববোধ থেকেই থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচু এবং জুলাই যোদ্ধাদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে। জেলা জামায়াতের আমির মাওলানা মমিনুল হক সরকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি করা উচিত নয়।
সভায় শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।







