
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী (২৮)। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
অনশনরত তরুণীর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার শিংলাবো এলাকার বাসিন্দা এবং হেলাল মিয়ার ছেলে।
তরুণীর দাবি, প্রায় দুই বছর ধরে নাঈমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সময় বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখলেও সম্প্রতি নাঈম বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর থেকে তিনি যোগাযোগও এড়িয়ে চলতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
তরুণী জানান, বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তিনি প্রেমিকের বাড়িতে এসেছেন এবং বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
অন্যদিকে নাঈমের মা বলেন, মেয়েটির পরিবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কথা বলুক। যদি প্রমাণ পাওয়া যায় যে তার ছেলে ওই তরুণীর সঙ্গে সম্পর্কের মধ্যে ছিল, তাহলে পারিবারিকভাবে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে নাঈম মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন।







