সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

11
সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আনুমানিক ২৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ-পুলিশ। রোববার (২ আগস্ট) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ১ থেকে ২ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।