সিদ্ধিরগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

9
সিদ্ধিরগঞ্জে আলোচিত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নোবেল (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)কে নোবেল ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে ১৯ জুলাই মারা যান।

নিহত ফজলুল হক একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নোবেল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।