
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত একটি শটগান প্রায় দুই বছর পর একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে সিংগারপুর এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম (৪৬) নিজ মালিকানাধীন পুকুরে মাছ ধরছিলেন। এ সময় মাছ ধরার জালের সঙ্গে একটি শটগান উঠে আসে। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনকে অবহিত করেন।
খবর পেয়ে ওসির নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করেন। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত শটগান, যার বাট নম্বর ৬৫১।
পরবর্তীতে উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানার সাধারণ ডায়েরি (জিডি) মূলে পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।







