
নিজের নাম ও ছবি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটা বা পোস্টার-মিছিলের মাধ্যমে বলয় তৈরির সংস্কৃতিতে বড় রকমের ধাক্কা দিলেন নারায়ণগঞ্জের রাজনীতিতে চর্চিত মুখ মাশুকুল ইসলাম রাজীব। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির এই যুগ্ম আহ্বায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তাঁর অনুমতি ছাড়া আর কাউকে তাঁর নাম বা ছবি ব্যবহার করতে দেওয়া হবে না।
সম্প্রতি ফেসবুকে এক সংক্ষিপ্ত কিন্তু ‘স্পোফায়ার’ স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমাকে না জানিয়ে, অনুমতি না নিয়ে, আমার নাম, ছবি ব্যবহার করে কোনো মিছিল, সমাবেশ, পোস্টার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত নেতারা চান সর্বত্র তাঁদের ছবি শোভা পাক। কিন্তু রাজীবের এই বিপরীতমুখী ও ‘কঠোর’ অবস্থান স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল দলের শৃঙ্খলা রক্ষার নির্দেশই নয়, বরং নাম ভাঙিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা সুযোগ সন্ধানীদের জন্য একটি বড় সতর্কবার্তা!







