সিলেট-বগুড়ার দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত অর্ধশতাধিক

12
সিলেট ও বগুড়ার পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল

বাংলাদেশের সিলেট ও বগুড়া জেলায় শুক্রবার সকালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন। দুটি ঘটনাতেই একাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হন।

অন্যদিকে, বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ৭ জন নিহত হন। দুই দুর্ঘটনায় মোট কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

বগুড়ার দুর্ঘটনাটি ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। এতে পানিতে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই ওই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।