নারায়ণগঞ্জে ১৬ জোড়া কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা

450
নারায়ণগঞ্জে ১৬ জোড়া কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা

ঢাকার ওপর চাপ কমানো এবং আশপাশের এলাকার মানুষের যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জসহ কয়েকটি রুটে কমিউটার ট্রেনের সেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

 

সোমবার বিকেলে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেনের উদ্বোধন করেন তিনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, ঢাকা থেকে দুই-আড়াই ঘণ্টার মধ্যে ঢাকার বাইরের মানুষ যেন ঢাকায় এসে একই দিনে কাজ শেষ করে নিজ গন্তব্যে ফিরতে পারেন, সে লক্ষ্যেই কমিউটার ট্রেনের সেবা সম্প্রসারণ করা হবে।

 

তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জের পর ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল পর্যন্ত কমিউটার সেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জ পর্যন্ত যুক্ত করারও ইচ্ছা রয়েছে।

 

রেলপথমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ রুটে চলমান অবকাঠামোগত কাজ শেষ হলে বর্তমানে চলাচলরত আট জোড়া থেকে ১৬ জোড়া ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। এতে নারায়ণগঞ্জের মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং ঢাকার ওপর পরিবহন চাপও কমবে।

 

বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে দীর্ঘদিনের যানজট ও যাতায়াতের সময় বিবেচনায় ট্রেনের সংখ্যা বাড়ানো হলে এই রুটে আরও বেশি যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হবে। বর্তমানে এই রুটে আট জোড়া ট্রেন চলাচল করছে।

 

পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভ না থাকায় অনেক রুটে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, নতুন কোচ ও লোকোমোটিভ আসছে। পর্যায়ক্রমে এগুলো যুক্ত করে উন্নত পরিবেশে ট্রেনযাত্রা নিশ্চিত করা হবে।

 

এদিকে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে বর্তমানে আটটি কোচ রয়েছে। এতে প্রায় ৬০৯ জন বসে এবং দাঁড়ানো যাত্রীসহ এক হাজার ৫০০ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

 

কমিউটার ট্রেনের এই সেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকা ও আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ করার পাশাপাশি রাজধানীকেন্দ্রিক চাপ কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ।