বন্দরে ডালিম হত্যা: চাকুসহ মূল আসামি গ্রেপ্তার

17
বন্দরে ডালিম হত্যা: চাকুসহ মূল আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার মূল আসামি শিহাব হাবীবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জেরে বন্দরের শুভকরদী এলাকায় আমির হোসেন ডালিমের সঙ্গে শিহাব হাবীব ও তার এক সহযোগীর বিরোধ হয়। একপর্যায়ে শিহাব হাবীব ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ডালিমের পেটের বাম পাশে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডালিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিহাব হাবীব ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ডালিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে আমির হোসেন ডালিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার আসামি শিহাব হাবীবকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে বন্দরের শুভকরদী এলাকার একটি চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।