
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গুদামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কুতুবাইল এলাকার ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর বন্ধ গুদাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় গুদাম থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কুতুবাইল এলাকার ওই বন্ধ গুদাম থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।
খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গুদামের ভেতর তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহ উদ্ধারের সময় বন্ধ গুদাম থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায় এবং পিয়াসের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড কিনা, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।







