বন্দরে ২১ লাখ টাকার ড্রেজারের মালামাল চুরি, যুবদল নেতা গ্রেপ্তার

20
বন্দরে ২১ লাখ টাকার ড্রেজারের মালামাল চুরি, যুবদল নেতা গ্রেপ্তার
বন্দরে ২১ লাখ টাকার ড্রেজারের মালামাল চুরি, যুবদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কাজল প্রধান বন্দর থানা বিএনপির সাবেক সদস্য এবং বন্দর থানা যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শিমন হাসানের বাবা মরহুম হাজী মো. আতিকুর রহমান আতিক ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বাবার মৃত্যুর পর শিমন হাসান ব্যবসার দায়িত্ব নেন। ব্যবসায় ব্যবহৃত ড্রেজারের বিভিন্ন মালামাল বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেট বাগানসংলগ্ন কাইল্লাহ মিয়ার বাড়ির সামনে রাখা ছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই সকাল ৬টা থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় কাজল প্রধান ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন পরিকল্পিতভাবে সেখানে রাখা ড্রেজারের মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ১২ ইঞ্চি ড্রেজার পাইপ রয়েছে ৮৫টি। এসব পাইপের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা। এছাড়া বুস্টার মেশিনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্য প্রায় ৪ লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২১ লাখ টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী শিমন হাসান জানান, গত ২৭ জুলাই ঘটনাস্থলে গিয়ে তিনি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ দেখতে না পেয়ে স্থানীয়দের কাছে খোঁজ নেন। পরে গোপন সূত্রে জানতে পারেন, চুরি হওয়া পাইপ ও যন্ত্রাংশ নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারি (স্ক্র্যাপ) দোকানে বিক্রি করা হয়েছে।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কাজল প্রধানকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। তবে মামলার অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।