
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের হাটখোলা বড় মসজিদে জুমার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি সমাজের ঐক্য, মাদকমুক্ত পরিবেশ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো রাজনৈতিক দলের নয়। তাই মসজিদ, পঞ্চায়েত ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবের বাইরে রেখে ইমাম, আলেম ও সমাজের সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি কাশীপুরের জলাবদ্ধতা, মাদক, ছিনতাই ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে এলাকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এসব কোনো একক ব্যক্তি বা দলের সমস্যা নয়; পুরো সমাজের সমস্যা। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে এসব সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আরও জানান, ফতুল্লা থানার বিশাল কর্মপরিধির কারণে থানাটিকে বিভক্ত করে নতুন থানা প্রতিষ্ঠার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে জনগণকে অনিয়মের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে পরিচালিত প্রতিটি কাজে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।
জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।







