
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে বিপুল পরিমাণ ফেয়ারডিল পাচারের চেষ্টা ব্যর্থ করেছে র্যাব-১১। অভিযানে আমভর্তি ট্রাক থেকে ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
আটক আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







