বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নারায়ণগঞ্জের সোহাগ ও সীমান্ত

36
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সোহাগ
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সোহাগ

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সভাপতি এবং রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে সংগঠনকে আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলে অত্যন্ত সুপরিচিত। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে শিল্প ও ব্যবসা খাতে তার সক্রিয় সম্পৃক্ততা ও বলিষ্ঠ নেতৃত্ব তাকে এই শীর্ষ পদে আসীন করেছে।

অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত নতুন প্রজন্মের একজন সফল উদ্যোক্তা। ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে তিনি পারিবারিক প্রতিষ্ঠান ‘রূপসী ফ্লাওয়ার মিল’-এর দায়িত্ব নেন। আধুনিক চিন্তা ও স্বচ্ছ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি অল্প সময়েই শিল্প খাতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত দুই নেতা বলেন, দেশের ফ্লাওয়ার মিল খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে তারা বদ্ধপরিকর। সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং মূল্য স্থিতিশীল রাখাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

সংগঠনের সাধারণ সদস্যরা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অভিজ্ঞতা ও তারুণ্যের এই মেলবন্ধনে ফ্লাওয়ার মিল শিল্পে নতুন গতি আসবে এবং ভোক্তারা সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাবেন।