
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বিকেএমইএ। দেশের নিটওয়্যার খাতের শীর্ষ সংগঠনের এমন উদ্যোগে ‘গার্মেন্টস টেকনোলজি এবং লীন ম্যানুফ্যাকচারিং’ বিষয়ের এই প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়। আজ ১৪ মে ২০২৬ তারিখে আইপিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ-র সহ-সভাপতি (অর্থ) মো: মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক মো: মামুনুর রশিদ, যবিপ্রবির আইপিই বিভাগের প্রফেসর ড. সুমন রহমান ও ড. চিত্রলেখা কর্মকার এবং বিকেএমইএ-র ভারপ্রাপ্ত সচিব জনাব মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষক ও বিকেএমইএ-র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) মো: মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “আজকের এই প্রশিক্ষণ শুধু চাকরির জন্য নয়, বরং আপনাদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাবে। আর সফল উদ্যোক্তা হতে হলে একদম রুট লেভেল (তৃণমূল) থেকে কাজ শিখতে হবে।” তিনি শিক্ষার্থীদের প্রতিটি কাজে স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, “বিকেএমইএ’র এই বিশেষ সুযোগ প্রদানের মধ্য দিয়ে যবিপ্রবি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এই ট্রেনিংয়ের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিকেএমইএ আয়োজিত টেক্সটাইল মেশিনারিজের সর্ববৃহৎ মেলা ‘আইটিজিএ-২০২৬’ (ITGA-2026)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তারা আধুনিক টেকনোলজি ও মেশিনারিজ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেছে।”

তিনি আশা প্রকাশ করেন যে, দুটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের যে হাতে-কলমে শেখার সুযোগ হয়েছে, তা তাদের আগামী কর্মজীবনে প্রবেশ করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সুনাম ও খ্যাতি তৈরি পোশাক খাতে (আরএমজি সেক্টরে) ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।







