নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর, যুবদলের ৫ নেতা-কর্মী বহিষ্কার

942
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর, যুবদলের ৫ নেতা-কর্মী বহিষ্কার!
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর, যুবদলের ৫ নেতা-কর্মী বহিষ্কার!

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে অকিল উদ্দিন ভূঁইয়া নামে জেলা বিএনপির এক সদস্যকে মারধর করেছেন যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জড়িত ৫ যুবদল কর্মীকে তাৎক্ষণিকভাবে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জেলা পরিষদে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে এই মারধর ও বহিষ্কারের ঘটনা ঘটে।

একই ঘটনায় বহিষ্কৃতরা হলেন— ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা মামুন, কাওসার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেন ও আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক রিপন। বহিষ্কৃত ৫ জনকেই প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ-পদবী থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূঁইয়ার সঙ্গে কয়েকজন যুবদল কর্মীর বাগবিতণ্ডা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিকে উদ্দেশ করে অকিল উদ্দিন ভূঁইয়া নেতাকর্মীদের সামনে ‘গত ১৪ বছর কী করেছেন’ এমন মন্তব্য করেন। এতে রনি ক্ষুব্ধ হন বলে উপস্থিতরা জানান। পরে রনির অনুসারীরা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, দুপুর ২টার দিকে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারলে তার ঠোঁট ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। এ সময় তার পরনের জামাও ছিঁড়ে ফেলা হয়।

ঘটনার পর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএনপি একটি বড় দল। এই ঘটনাটি বিচ্ছিন্ন একটি ঘটনা। যুবদলসহ বিএনপির যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সন্ত্রাসীদের দল নয়, এখানে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত নয়, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “এ বিষয়ে সালিশের মাধ্যমেও কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অকিল উদ্দিন ভূঁইয়াও এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “জেলা পরিষদের মতো একটি স্থানে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা অন্যায় করেছে। তাই সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযুক্তদের যুবদলের সব ধরনের পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।”