
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দিদার হোসেন (৩৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে দেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ দেলপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম দেলপাড়ার খালপাড় জামে মসজিদের সামনের ফাঁকা স্থান থেকে হাতেনাতে দিদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দিদার ফতুল্লার নয়ামাটি (জুস ফ্যাক্টরি সংলগ্ন) এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ তার রেকর্ড (পিসিপিআর) যাচাই করে জানায়, দিদারের বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







