
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সর্বস্তরের মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।







